ব্ল্যাক এন্ড হোয়াইট
তিরতির করে গলা কাঁপতে থাকে
ছেষট্টি বছরের বৃদ্ধের।
হিমেল নদীর উপর মেঘলা বাতাস লেগেছে আজ।
কৃষ্ণাঙ্গ, দীর্ঘকায় বৃদ্ধ --- শান্ত, সমাহিত
বলে ওঠেন, "আগে ভাবতাম,
হাসলেই যখন কাজ চলে যাচ্ছে,
সরব হওয়ার কী প্রয়োজন!"
তিনি কৃষ্ণাঙ্গ, সফল,
মান্যতা পেয়েছেন সর্বত্র।
তিনি জানেন, তাঁর রঙের সবার কপালে
জোটে না এইসব।
কিন্তু যতক্ষণ অর্থ আছে, শান্তি আছে,
মান আছে, আদায় করা সম্ভ্রম
তাঁকে স্থান দিচ্ছে 'এলিট'-এ,
ততক্ষণ কথা কেন?
হ্যাঁ, ইংলন্ডের রাস্তায় কিছু ট্যাক্সি তাঁকে দেখে দাঁড়ায় নি,
হ্যাঁ, অস্ট্রেলিয়ায় কিছু মানুষ বলেছে 'বানর',
লিফ্টে উঠতে দেয় নি সাদা মানুষের সঙ্গে,
হ্যাঁ, কোনও এক দেশে হোটেলের রিসেপশন ভেবেছিল,
কালো মানুষের সাদা বউ অসম্ভব,
তাই ভুল করে দু'জনকে আলাদা দুটো ঘর দিয়েছিল।
ভুল করে অনেকেই পাশে দাঁড়াতে চায় নি,
ভুল করে তাঁকে নিগার বলেছে অনেকেই।
এই সমস্ত ভুলের উত্তরে চকচকে, কালো জামাইকান
কেবল হেসেছেন।
অবসর সময়ে হাতে রামের পাত্র তুলে নিয়ে,
Jazz চালিয়ে চিয়ার্স দিয়েছেন নিজের জীবনকে ---
"আই দোন্ত কেয়ার এ ফিগ" বলে
নিজের কালো দেশের অতল সমুদ্রের দিকে তাকিয়ে থেকেছেন।
সমুদ্রের জলও রঙ পাল্টায়,
আর এরা কিনা মানুষকে বলে কালো!
হা হা করে হেসে, করুণা করেন
সেইসব শ্বেতাঙ্গদের, বৃদ্ধ।
ছেষট্টি বছরের সফল, সুঠাম,
অপমান হেসে উড়িয়ে দেওয়া বৃদ্ধ কৃষ্ণাঙ্গ
টেমস নদীর পাড়ে ফুঁপিয়ে কেঁদে ওঠেন।
সুদীর্ঘ ছেষট্টি বছর লেগেছে তাঁর বুঝতে,
সবাই তাঁর মতো হাসতে পারে না,
তাঁর মতো এড়িয়ে গিয়ে হাতে রামের পাত্র
তুলে নিতে পারে না সবাই,
সবাই সফল নয়,
অপমানে করুণা নয়, অনেকের আত্মহননও আসে।
পারে না সবাই তাঁর উচ্চতায় এসে
নিচের দিকে তাকিয়ে, অগ্রাহ্য করতে।
মনে পড়ে, স্কুলের ইতিহাস বইতে
কোনও 'ভালো' কৃষ্ণাঙ্গের কথা পড়েন নি তিনি;
বার্ধক্যে স্পষ্ট হয় ছবিটি ---
ইতিহাস শাসক লেখে, শাসিত নয়।
যেমন লিখেছে সাদারা, কালোরা নয়।
মানুষটি ইতিহাস লিখতে চান না এই বয়সে এসে।
কিন্তু চান, দুই দিকেই তাকানো হোক
জানানো হোক দুই পারের কথাই ...
জানা প্রয়োজন, সরব হওয়া দরকার।
তাঁর কথা বলা দরকার, কারণ
তিনি কৃষ্ণাঙ্গ, সফল, হেসে উড়িয়ে দিতে পারেন
বিদ্বেষের বাউন্সার। উদাসীনতায় সমুদ্রে তাকিয়ে
জলের রঙে খুঁজতে পারেন নিজের ইতিহাস।
কারণ, তাঁর মতো আরও অনেকে মানুষ,
কিন্তু ক্ষমতাহীন।
অর্থের মতো, জমির মতো, ফসলের মতো
ক্ষমতার, স্বরের বন্টন প্রয়োজন। সাম্য প্রয়োজন।
আজ তিনি কথা বলবেন।
Comments
Post a Comment