কীসে কীসে কষ্ট কমতে পারে তোমার
পাহাড়ের গা বেয়ে নেমে আসা মানুষ বা মেঘ,
শহরের বৈশাখী বৃষ্টি,
গঙ্গার ধারে শিমুলগাছ,
শতাব্দী প্রাচীন বাড়ির অব্যবহৃত বারান্দা,
বৃষ্টি না হওয়া গ্রামের প্রথম নলকূপ,
তাঁতশাড়ি,
ব্রাহ্মণী চিলের ডাক,
বই,
রঙ,
দিনান্তে নিঝুম সাক্ষাৎ --
এসবে হয়তো তোমার প্রাত্যহিক বাঁচার কষ্ট লাঘব হয় কিছুটা।
এমন আমি অনুমান করি মাত্র। অনুমান করে
এক-আধবেলা ভাল থাকি।
জিজ্ঞেস করলে যদি সুখ ভেঙে যায়?
বা হয়তো এসব ছাড়িয়ে আরও, আরও আছে
উপশম, তোমার।
বসন্তবাতাসে কাপাসতুলোর ছোটাছুটি,
মানুষের স্বপ্ন, অভিযান,
অতীতের নীল আকাশ, আগামীর প্রশ্নে কাটাকুটি
এসব তোমার, তোমারই
আমি শুধু এই নিয়ে থাকি --
তুমি থাকো, ভালো থাকো
ভালো থাকা দৃষ্টিকটু নয়।
শান্তি তোমার হোক,
সত্যে তোমার হোক জয়।
Comments
Post a Comment