শমন
বরষাসখী, এসো হে ফিরে ঘরে
দালানে, দোরে দুজনে মিলে বসি
তোমার অত নম্র চোখে আমি
খুঁজে কি পাব আষাঢ় মুখ-ছবি?
যদি না দিলে কাব্যে অমরতা,
তবে কি সখী বনের ছায়া মেখে
যেতেছ চলে অমোঘ পরবাসে
হে সখী, কেন বিদায় দিতে বলো?
অশনিস্মৃতি যেচেছি নিজমুখে,
হে সখী, আজি সুখের কথা বলো
বরষাদোরে নম্র চোখে বসি
এসো গো ফিরে জীবনশাখে-মূলে।
আষাঢ় দিনে আসে নি অমরতা,
পদ্য ছিঁড়ে শমন ঝরে পড়ে।
০৮/১২/২০১৬

Comments
Post a Comment