Followers

সমর্থন

না বাবা, সমর্থন চাইতে এসো না আমার কাছে।
আমাকে এসে ভুলেও বোলো না –
পক্ষ নিন!

হতে পারে
শূন্য হয়ে গেছে আগামী তোমার,
হতে পারে
তোমার অতীত, বর্তমান
সবই বানভাসি

কিন্তু আমাকে রেহাই দাও, বাবা!
আমার নিরপেক্ষ সংগ্রাম
যেটুকু ছাদ দিয়েছে আমায়,
যেটুকু ভরসা দিয়েছে
আমার নিরপেক্ষ বেতনভোগ

এই দিয়ে চালিয়ে নেব কোনোক্রমে
বাকি দিনগুলো!

তুমি, পথ দেখো –
যেখানে যা করতে হয়, করো
ন্যায়ের জন্য পচে মরো

আমি আছি। দূরে।
এই অবস্থানই ভাল –
আঁচ লাগে না, কিন্তু খবর পাওয়া যায়।
কেউ মরলে দাবি জানানো যায়
সৌধের, সভার।

মৃত্যুর কারণ না খুঁজে
বেঁচে থাকা সমর্থন করা যায়।

Comments