দুইখানি দেশ
কোন পাহাড়ে দাঁড়িয়ে তুমি দেশের দেখা পাও?
দুই ঢালে তার দুইখানি দেশ। কার দিকে তাকাও?
এ দেশ বলে প্রাণ জুড়োবে, ও পার যত পোড়ে
দুয়ের মাঝে তোমার কাঁটা ধ্বজার মতো ওড়ে।
তুমিও জানো, দুয়ের ঘরেই এক পৃথিবীর ভাত;
একই অসুখ, এক অনটন, একই তো সংঘাত,
এক জোছনার কাঙাল তারা; সমান পাশবিক –
দেখছো সবই বোঝার ভানে। বুঝছো না তো ঠিক।
ভাগের জমি, দেশের মাটি – ভেদ-বিপণি সব।
পাহাড় থেকে নামলে একা মানুষই সম্ভব ...
স্বীকার করে দ্যাখোই না আজ তোমার পরাজয় –
এক পৃথিবী মানুষ বাঁচে। দুইখানি দেশ নয়।
ছবির ঋণ: পিন্টারেস্ট
বাহ
ReplyDelete