Followers

আঁধারকাব্য


বরষা দিনমান
মেঘের যৌবন
মায়ার বন্দরে
কাটুক ক্ষণকাল
       
আকাশী শামিয়ানা
বাতাসি ঘরদোর
নিমেষে খুঁজে পায়
অভ্র সংলাপ
        
শ্রাবণ-লতা জুড়ে
মুগ্ধ কৈশোর –
হঠাৎ পিছুডাক
আলাপী সাঁঝরাত
          
তোমার প্রিয় নাম
বিষের মতো আজ
জড়ায় আমাকেই
বরষা দিনমান।
        
হৃদয়-শালুকেরা
দুঃখ-ডিঙা ঘিরে
যেভাবে ভেঙে পড়ে
মৃত্যুনির্ঝর
             
বৃষ্টিসেনাদল
যেভাবে গ্রাম ছেড়ে
কৃষ্ণ-শহরের
রন্ধ্রে পাক খায়
          
আমরা আমাদের
মায়ার সন্তান
খুঁজেছি সেভাবেই
বরষা-দিন-ভর
             
বাতাসি যৌবন
আকাশী রোদ্দুর
বজ্রে শোনা যায়
অভ্র সংকেত।
             
এভাবে দিনমান
বরষা দিনমান
স্মৃতিকে কুরে খায়
সোহাগ, সন্তাপ
          
প্লাবিত কৈশোর
আঁধারে রাখে হাত
কাটুক সাঁঝরাত
মায়ায় ক্ষণকাল
          
বিষাদ নির্ভুল
নিজেকে ছেড়ে আজ
অকূলে ফিরে যাই
একাকী, বান্ধব
            
তবুও মনে পড়ে
বিষের মতো আজ
তোমার প্রিয় নাম,
বরষা দিনমান।

'আলোকজন্ম, আঁধারকাব্য' / ২০১৬

Comments