গণতন্ত্রের গান
চোখে-দেখা ঝুট, নাহলে পেরোতো আশি
পরিসংখ্যান বলছে আঠারো হবে
কী আর এমন মরেছে, হে জাঁহাপনা!
দেশে এর বেশি বেঁচেই বা ছিল কবে?
দীন, দুখিনীর আধপেটা ঘরে ঘরে
পুরোনো কাঁকর চালে-ডালে বেড়ে ওঠে,
একটু আধটু খুনোখুনি, গোলাগুলি
গণতন্ত্রেও গোলাপের মতো ফোটে।
ফোটে গ্রহতারা – শান্ত, শায়িত দেহ
রুখে দাঁড়িয়েও করতে পারে নি কিছু;
ব্যালটবাক্স, শহীদ ভাসছে জলে
গণতন্ত্রের মুখখানি কেন নীচু?
এ রমণসুখ, ভয়ের মহোৎসব
আসছে বছর আবার হবেই হবে,
আঠারো না আশি, এখনও সন্দিহান?
ভুলে যাবে সব আগামী অসম্ভবে।
শুভংকর
১০.০৭.২০২৩
Comments
Post a Comment