Followers

বর্ণচোরা

কার আঘাতে স্পর্শ নারীর হৃদয়-গোঠে আশ্রিত হয়?
কী ছিল না? কী যেন নেই! কার শোনানো ঘুমের ছড়া?
তার কী বিদায়? কোথায় যাবার? কোন অগণন অসাক্ষাতে?
আমায় সে রোজ ভাসায়, কাঁদায়। হেমন্তের ওই বর্ণচোরা।

তার ও আমার এই অকারণ দুঃখ সোহাগ পেরিয়ে চলা
তার স্মৃতিভার মৃত্তিকাদের সন্ততি রোজ গর্ভে ধরে --
তার শ্রাবণে নিমিত্ত হয় অশ্রুত কোন আষাঢ়-রেখা!
ঘোর উদাসীন মেঘসেনানী গর্জে ওঠে সমস্বরে।

কী তার খেলা আগুন, জলে! আমার পোড়ে লেখার খাতা।
অক্ষরেরা ধুলোয় ধুলোয় অর্থ সাজায় সঙ্গোপনে;
কেউ না তো সে। কেউ ছিল না। তাও সে আমার অধিক আপন --
নিশ্চয়তার বিদায়বেলায় হঠাৎ তাকেই পড়লো মনে।


   
('সখ্য' সিরিজের শেষ কবিতা এটি। আশ্বিন, ১৪২৭-এ লিখিত।)

Comments