Followers

কবিতা লেখার দিন

বারবার ভাবি,
কবিতা লেখার মতো নষ্ট কাজ আর নেই।
বারবার মনে হয়,
কবিতা লেখার দিন চলে গেছে 
গত শতাব্দীতে। এখন ধীর, শান্ত
পাখির বুকের মতো কবিতা আমার নয় আর।

অথচ, এই যে দেখি
কতকাল বহু পুরাতনে
অসংখ্য কত লোক ব্যক্তিগত বিশেষ গোপনে
লিখে গেছে, 'কবিতার দিন নেই;
কবিতার মতো কোনও নষ্ট শব্দ নেই আর'...?

তবে কি সময়ই দায়ী?
শতাব্দীর একদিনও হয়নি যোগ্য কবিতার?
কবিতা কি তবে শুধু শাশ্বত বেপথুমান?
স্থান-কাল ছিঁড়ে ফেলে
অনিমিখ শূন্য এঁকে যাওয়া?
   
    
(২৮.০৬.২০২১)

Comments