খেলা
রোজকার এই বড় হওয়া
কী ভীষণ বিক্রম-বেতালের খেলা!
কাঁধে চেপে বসছে গল্পের পর গল্প,
ধাঁধার পর ধাঁধা –
উত্তর চাই। পক্ষ নাও।
নীরব থাকতে গেলে,
নিজেরই গিলে-নেওয়া বিবেকের ভারে
ফেটে যাবে মাথা।
তাই বাঁচতে চাও তো পক্ষ নাও।
তোমার রত্নখচিত সুবিধাবাদী শব্দভাণ্ডার
ভাসিয়ে দাও জলে।
একবার সাহস করে বলো –
'ভুল হয়ে গেছে'
'খামতি থেকে গেছে মনুষ্যত্বে'
পক্ষ নাও। না হয় ব্যর্থই হও বারকয়েক।
অভাবের মলম মেখে শুদ্ধ হও।
এ খেলায় তুমি না জিতলেও চলবে;
বহু জন্ম জিতেছ বাবা,
জিতে ধন্য করেছ।
এবার জাল গোটাও।
Comments
Post a Comment