অবিচুয়ারি
আজকাল কলম উঁচিয়ে থাকি আমরা বন্দুকের মতো।
শত্রুকে দেখামাত্র যেমন চাপ পড়বে ঘোড়ায়,
বুলেট ছুটে যাবে অব্যর্থ লক্ষ্যে।
ভাবার সময়টুকু পাওয়া যাবে না,
সে শত্রু ছিল, না মানুষ প্রথমে ―
তেমনই উঁচিয়ে রাখা কলম,
তেমনই কী-বোর্ডের উপর সদাসতর্ক আঙুল।
মৃত্যু এসে, বসে, জল খেয়ে, দম নেওয়ার সময়টুকু পায় না,
শ্রদ্ধা ও স্মৃতির বুলেট ধেয়ে যায়।
দেখার অবকাশ থাকে না, মৃত্যুর আঁচল ধরে এসেছিল শোক।
আজকাল অপরূপ, জীবিত মানুষেরা
অবিচুয়ারি লিখে ফার্স্ট হতে চায়।
কেমন ছিল তাঁর শেষ মুহূর্তগুলো?
কার সঙ্গে শেষ কথোপকথন?
তাঁর সাফল্যশিখরের ঝাঁকিদর্শন!
হে মহাজীবন ― প্রণাম, প্রণাম
তোমার জন্য নীরব, ঐকান্তিক শোকযাপন করতে গেলে
পাছে ফস্কে যায় কাস্টোমার ―
আজ আসি।
Comments
Post a Comment