Followers

এসবও চলে যাবে

এসবই চলে যাবে


আমাদের খেলনাবাটি যৌবন, জীবনের দ্বিপ্রহর,

সম্ভাবনা, খ্যাতি, মান

আঘাতের গেরিলা অভিযান,

সবই যাবে বাতাসে, হেলায়।


ইচ্ছায় নয়, অনিচ্ছায় নয়

নিতান্তই অভ্যাসবশতঃ

আমরা কখনও হেলে পড়ব উত্তরে, কখনও দক্ষিণে

কখনও দিন বড় হবে,

কখনও রাত


এভাবেই ― অন্য কোনওভাবে নয় ―

আমাদের স্মৃতি, সত্তা

সব চলে যাবে।


বড় হব, 

বড়দের শরীরে ছোটদের মতো ঝগড়া করব

উষ্মা ও নীরবতা ―

কাঠগড়ায় দাঁড়াবে দু পক্ষই,

কাদা আমরা নিশ্চিত ছুঁড়ব 

একে অন্যকে,

যতক্ষণ না দুজনকেই দেখায় একরকম।


নিজেদের ভুল বুঝে, বা কেবলই শান্তির প্রত্যাশায়

আমরা এক আধবার জড়িয়ে ধরব

একে অন্যকে,

লক্ষযোনি পেরিয়ে পাওয়া

দুর্লভ এই মানবশরীর অনুভব করব হৃদয়ে


তারপর

বসন্তবাতাসে অভিসারী রাধাচূড়ার রেণু

এই শরীর ও মন

ভাব ও ভনিতা

এসবও চলে যাবে,

ভেসে যাবে


কিছুই থাকবে না ইচ্ছাধীন


সাধের জীবন 

বিশ্বাসঘাতক স্বপ্নের মতো

হারিয়ে যাবে

ভস্মে, বা অনন্তে।


(২৮/১০/২৬)



Comments