Followers

পাথেয়

আমার তোমায় অনেক কথা বলার ছিল,
একটুখানি আকাশ পাহাড় তুচ্ছ করে
বসতজমির ভীষণ ভিড়ে
যেমন ফোটে গুল্মলতা,
যেমন তোমার স্বাধীন কন্ঠ
জড়িয়ে থাকে এ কলকাতা,
তেমন ছিল বলার কথা আমার তোমায়

জমিয়ে রাখা বাড়তি সময়,
আর কেন নেই?

ভেবেছি যেই,
কোত্থেকে এক সমুদ্দুরের উঠলো ফণা,
পাহাড় ভাঙে, আকাশ ডাকে
দশ দিগন্ত শূন্য ফুঁড়ে;
ভালোবাসার আস্তাকুঁড়ে
উঠলো সেজে সূর্যকণায়!
এই তো ছিল অনেক কেঁখে বাঁচিয়ে রাখা
বাড়তি সময়। হারিয়ে গেল,
হারায়, হারায়
অনেকখানি আকাশ পাহাড় তুচ্ছ করে
আমার তোমায় অল্প কিছু বলার কথা।
  
© শুভংকর


Comments