Followers

ত্রিকাল এ মুহূর্তে স্থির

এমন হয়নি বুঝি, তুমি তাকে খুব কাছে টেনে
নিজের শরীর দাও ওই হাতে মেলে প্রতিবার?
প্রশ্ন করো, কার ভারে সে এমন জড় হয়ে থাকে?
উত্তরে শুধু তার গাঢ়, শালপ্রাংশু দীর্ঘশ্বাস?

দীর্ঘতর চুম্বনের তুমিও জেনেছো কিছু, ঠিক।
তাই কি আবার শেষে জিজ্ঞাসা করেছো যন্ত্রণা?
এমন হয়নি বুঝি, সে বলেছে, "আহা, চুপ করো।
বড় বেশি কথা বলো। শান্ত হও। একা হও। শোনো --

এই যে স্বরের দাবি, আসলে তো স্তব্ধতার দান
আসলে তো এই চলা লক্ষ্য নয়, পথেরই প্রমাণ;
তোমাকে পূর্ণ পাই, শূন্যতায় খুঁজি যতবার
তবু কেন বাতুলতা? দাহ করো প্রকাশের ভার!"

এমন হয়নি বুঝি, সে তোমাকে খুব কাছে টেনে
বলেছে, "পৃথিবী হও। ত্রিকাল এ মুহূর্তে স্থির"?
 
(১৮ই জুন, ২০২০)
    

Comments

  1. ভীষণ ভালো লাগল ❤️❤️

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ। ❤️

      Delete
  2. খুব ভালো! শুধু দুটো কথা, "জিজ্ঞেস" এর পরিবর্তে "জিজ্ঞাসা" হলে পড়তে আরো সহজ হতো না? আর, ৩য় স্তবকে পরপর দুই পংক্তিতে "আসল" এর ব্যবহার কোনো বিশেষ কারণে কি?

    ReplyDelete
    Replies
    1. 'জিজ্ঞাসা'-র সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ। ঠিকই বলেছিস। ওটা বদলে নিচ্ছি।
      'আসলে তো'-র পুনরাবৃত্তির পিছনে emphasis দেওয়া, বা assure করাই মূল কারণ।

      Delete

Post a Comment