Followers

আমার মায়া মরে গেছে

তামাটে গায়ের যুবকটি
প্রায় মাসতিনেক পর বাড়ি ফিরেছে। হারিয়ে গিয়েছিল।
দু-তিন ইঞ্চি লম্বা, কোঁকড়া চুল,
কৃশ গড়ন; তোবড়ানো কোটরে চোখদুটি দীপ্যমান।

সে কিছুটা বেখেয়াল।
কলতলায় তাকে বসিয়ে, 
তেড়েফুঁড়ে গায়ে ধুধুল ঘষে দিচ্ছে ছোট ভাইটি। 
মাটিগোলা জল ভেসে যাচ্ছে 
যে পথ দিয়ে সে এসেছে, সেদিকে।

মা একটু দূরে দাঁড়িয়ে দেখেন –
ছেলে আর নেই ভেবে 
কী কান্নাই না সম্বল ছিল তাঁর!
আজ মনে হচ্ছে, চাল বাড়ন্ত পরিবারে।

হা হা করে হেসে উঠছে যুবকটি মধ্যে মধ্যে।
বারবার বলছে –
"আমার মায়া মরে গেছে।"
"আমার মায়া মরে গেছে।"

Comments