শ্যামা - ২
অন্ধকার মাঠ ভেঙে এ তল্লাটে ফেরা হল আজ।
দীর্ঘ পথ। মাঝেমাঝে শ্রান্তি যে ছিল না – বলবো না।
শ্রান্তি ছিল, ক্ষয় ছিল, কিন্তু তারও বেশি ছিল জয়।
একে একে সব গেছে। বাকি শুধু গল্পখানি বলা।
এ যে কী গল্প এক! শুরু হয় মধ্যিখান থেকে,
যখন চেতনাহীন, বিস্ফারিত কামনার ধোঁয়া
ঊর্ধ্বগামী মনখানি জড়ায় কাঞ্চন-শৃঙ্গারে,
তরুণ ব্রহ্মাণ্ডটুকু ফেলে রাখে ঘোর অন্ধকারে।
পর্বতের চূড়া থেকে সে আঁধার সাগরে ঝাঁপায়,
শরীর-কুঠুরি ঢেকে হানা দেয় আত্মপ্রান্তরে,
সেই মাঠ পার করে এ তল্লাটে ফেরা হল আজ –
চেতনা-বিস্মৃত নয়; চৈতন্যের অনন্ত স্বধামে।
কীভাবে সে হল, বড় জানা নেই। বুঝি এইটুকু –
হৃদয়ের রঙ্গমঞ্চে অন্ধকার জ্বালাময়ী হল;
করাল হাসি কি তার অঞ্জনে অগ্নিসংযোগ?
অভয়দায়িনী অমা, শেষকালে এলি তবে, কালী?
Comments
Post a Comment